ভাবসম্প্রসারণ: ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়
৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির জন্য ভাবসম্প্রসারণ
মূলভাব: যার ধন-সম্পদ আছে সে বড় নয়, তার চেয়ে যার মন আছে সেই বড়, সেই মহান।
সম্প্রসারিত ভাব : পার্থিব ধন ঐশ্বর্যের অধিকারী ব্যক্তি সমাজের সাধারণ মানুষের ওপর সাময়িক আধিপত্য লাভ করতে পারে’ বটে, কিন্তু তা কখনো তাদের অন্তরে স্থায়ী প্রভাব বিস্তার করতে পারে না। তার মূর্খতা নিয়ে আড়ালে থেকে সবাই তাকে ঠাট্টা বিদ্রূপ করে এবং তার মন্দ কর্মের জন্য অভিশাপ দিয়ে থাকে। তাকে মানুষ না বলে, পশু বলে আখ্যা দিয়ে থাকে। কিন্তু যারা জ্ঞানী, প্রতিভাবান ও পবিত্র হৃদয়ের অধিকারী তাদের অন্তর অপূর্ব ভক্তিরসে সিক্ত হয়ে যায়। কেননা এরূপ মহৎ লোকদের কর্মফল ভোগ করে বিশ্ব মানব সততই ধন্য হয়ে থাকে। তাইতো তাঁদের মৃত্যু নেই। পক্ষান্তরে কেউ যদি পার্থিব ধন ঐশ্বর্যের অধিকারী হয়েও তা মানব কল্যাণে ব্যয় না করে, তাহলে তাকে বলতে হবে সে নিতান্তই ছোট মনের অধিকারী। তার দ্বারা সমাজ, দেশ ও জাতির কোনো কল্যাণ হতে পারে না। তার জীবদ্দশায় যেমন তাকে কেউ ভালোবাসে না, তেমনি মৃত্যুর পরও কেউ তাকে স্মরণ করে না। সুতরাং ধনসম্পত্তি, অর্থকড়ি যার আছে, সে বড় নয়। তার চেয়ে বরং যে বড় মনের অধিকারী সেই আসল মানুষ।