ভাবসম্প্রসারণ: ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল,গড়ে তোলে মহাদেশ সাগর অতল
মূলভাব : সৃষ্টিকর্তার সৃষ্টি যত ক্ষুদ্রই হোক, তার মূল্য কম নয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার সমন্বয়ে গড়ে ওঠে সুবিশাল এক মহাদেশ। আবার বিন্দু বিন্দু জলের সমষ্টিতে সৃষ্টি হয় এক সীমাহীন সমুদ্রের রূপ। এভাবে প্রতিটি বৃহৎ সৃষ্টির মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের অস্তিত্ব লুকিয়ে থাকে।
সম্প্রসারিত ভাব : পৃথিবীতে মহৎ প্রচেষ্টা একদিন বা একেবারেই সম্পন্ন হয় না। যে কোনো মহৎ কাজের জন্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মে প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। এ ছোট ছোট কর্ম প্রচেষ্টার সফলতাই পরিশেষে বৃহৎ সাফল্য ডেকে আনে। সৃষ্টির প্রত্যেকটি অবদানেরই মূল্য আছে। ক্ষুদ্র বলে কোন জিনিসকে অবহেলা করতে নেই। আমাদের জীবনেও আমরা ছোট থেকে বড় হয়েছি, উপার্জন করতে শিখেছি, এটি একদিনে হয় নি। এ উদাহরণ থেকে শিক্ষা নেয়া উচিত। একদিনে বৃহৎ কিছু লাভ করা বা জয় করা সম্ভব নয়। এজন্যে আমাদের সামাজিক জীবনে সমষ্টিগত কর্ম প্রচেষ্টার কথা বলা হয়েছে। একার পক্ষে যা সম্ভব নয়, তা দশে মিলে করতে হয়। “দশে মিলে করি কাজ- হারি জিতি নাহি লাজ।” এ প্রবাদ বাক্যটি থেকে এ কথারই প্রমাণ মিলে। আবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় যে মহৎ সৃষ্টি বা কর্মফল লাভ করা যায় এটিও সমান সত্য। প্রথম শ্রেণী থেকে প্রতি বছরের প্রচেষ্টার সমন্বয়ে সে জীবনে এ সফলতা লাভ করতে সক্ষম হয়। বিচ্ছিন্ন প্রচেষ্টা বা হঠাৎ করে একদিনের চেষ্টায় এত বড় সাফল্য সম্ভব নয়।