রচনা: বাংলাদেশের পোশাক শিল্প ( ২০ পয়েন্ট ) – PDF
উপস্থাপনা
বিশ্বায়নের ফলে আধুনিক বিশ্বে শিল্পায়ন সম্পর্কিত ধারণার যথেষ্ট প্রসার ঘটেছে। বর্তমানে অনেক দেশে শিল্পায়নের ক্ষেত্রে তৈরি পোশাক শিল্প এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এ সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে আমাদের বাংলাদেশেও।
বাংলাদেশের পোশাক শিল্পের মান বিশ্বমানের। পোশাক শিল্পের একশ ভাগই রপ্তানিমুখী। বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এ শিল্পের অবদান উৎসাহব্যঞ্জক।
পোশাক শিল্পের অতীত অবস্থা
অতীতকাল থেকেই বিশ্ববাজারে বাংলার বস্ত্রশিল্পের ব্যাপক চাহিদা ছিল। তৎকালে বাংলার মসলিন ও জামদানি ছিল পৃথিবী বিখ্যাত। পরে ব্রিটিশ বেনিয়াদের দ্বারা এর ধ্বংস সাধিত হয়। প্রয়োজনীয় কাঁচামাল ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পাকিস্তান আমলেও বাংলাদেশে পোশাক শিল্প সম্প্রসারিত হয়নি।
দেশ বিভাগের সময় পূর্ব ও পশ্চিম পাকিস্তান মিলে কাপড়ের কল ছিল ১৪টি। ১৯৭০ খ্রিস্টাব্দে তা ১৪০টিতে উন্নীত হয়। এর মধ্যে বাংলাদেশে (পূর্ব পাকিস্তান) ছিল মাত্র ৪৩টি বাংলাদেশ সাফল্যজনকভাবে কাপড় তৈরি করাতে এ সময় চরম বৈষম্যের শিকার হয় ।
পোশাক শিল্পের বর্তমান অবস্থা
তৈরি পোশাক শিল্পে হারানো গৌরব পুনরুদ্ধারের ইতিহাস অবশ্য বেশিদিনের কথা নয়। স্বাধীনতা পরবর্তী ১৯৭৭ খ্রিস্টাব্দে বাংলাদেশে বেসরকারি শিল্প উদ্যোক্তাদের সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় পোশাক তৈরির শিল্প গড়ে ওঠে। তখন হাতে গোনা মাত্র কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ছিল।
বর্তমানে পোশাক শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা চার হাজারেরও অধিক। এসব প্রতিষ্ঠানে প্রায় ২০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে মহিলার সংখ্যা ৮৫%। এছাড়া তাঁত শিল্প তো রয়েছেই। বাংলাদেশের অনেক স্থানেই বেশ উন্নতমানের তাঁতের কাপড় তৈরি হয়।